ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে রামদা হাতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।
বুধবার (৭ মে) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চালকের দক্ষতায় রামদা হাতে থাকা ডাকাতদের হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তিগত গাড়ির আরোহীরা। ঘটনার সময় গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে রাস্তা আটকে ওৎ পেতে থাকা ডাকাতরা একটি গাড়ি আসতেই বড় রামদা হাতে গাড়ির দিকে এগিয়ে আসে। কিন্তু চালক পরিস্থিতিতে ভীত না হয়ে তাৎক্ষণিকভাবে দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হাফপ্যান্ট পরিহিত, কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ছয়জন ডাকাত গাড়িটিকে ধরতে না পেরে একজন একটি রামদা গাড়ির দিকে ছুড়ে মারেন।